সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলে এসেছে দুটি বড় ধাক্কা। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস। অন্যদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশ করা ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানান লিটন। এরপর তাঁর এমআরআই করানো হলে রিপোর্টে সমস্যা ধরা পড়ে। চোট কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা যাচাই করতে লিটন ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে নির্ধারিত মান পূরণ করতে না পারায় এই সিরিজে তাঁর খেলা হচ্ছে না বলে জানান ফিজিও।
 লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক তাওহীদ হৃদয়। এদিকে কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন মেহেদী হাসান মিরাজ। অসুস্থতার কারণে গত দুই দিন অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। ফলে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে মিরাজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিতে দলকে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে হচ্ছে।