সাদেকুল্লাহ অটল ও ইবরাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে আফগানিস্তান।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানরা। দ্বিতীয় উইকেটে সাদেকুল্লাহ ও ইবরাহিমের ২৩১ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

১১৮ বলে ১১ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন ইবরাহিম জাদরান। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। অন্যদিকে সাদেকুল্লাহ অটল ১২০ বলে ১৭ চার ও চার ছক্কায় করেন ১৪৩ রান।

সাদেকুল্লাহ আউট হওয়ার পর আফগানিস্তানের নিচের সারির ব্যাটসম্যানরা বড় জুটি গড়তে পারেননি। ফলে চারশ রানের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩৪৩ রানেই থামে আফগানদের ইনিংস।

এর আগে ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৩৩৯ রান। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক তৈরি করল দলটি।