সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয়ের ক্ষত এখনো কাটেনি। ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ৮৬ মিনিটের এক গোলে। তবে মাঠের এই পরাজয়ের পর বাংলাদেশ দলকে ঘিরে সামনে এসেছে আরও কিছু অস্বস্তিকর প্রশ্ন। প্রতিপক্ষের কাছে কি ম্যাচের আগেই ফাঁস হয়ে গিয়েছিল বাংলাদেশের কৌশল? একাদশ নির্বাচন থেকে শুরু করে খেলোয়াড়দের দায়িত্ব বণ্টন—সবকিছুই কি আগে থেকে জানা ছিল পাকিস্তানের?
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, ম্যাচ শুরুর প্রায় ১০ ঘণ্টা আগেই বাংলাদেশের সম্ভাব্য কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গিয়েছিল পাকিস্তান দল। কোচ থমাস ডুলির পরিকল্পনা, সম্ভাব্য একাদশ এবং খেলোয়াড়দের অবস্থান নিয়ে প্রতিপক্ষের কাছে আগাম ধারণা ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও এসব তথ্য ফাঁসের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
অভিযোগ রয়েছে, বসুন্ধরা কিংসের মাঠে বাংলাদেশের রুদ্ধদ্বার অনুশীলন থেকেও প্রতিপক্ষের কাছে তথ্য পৌঁছেছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে অনুশীলনের গতিবিধি পর্যবেক্ষণের কথাও আলোচনায় এসেছে। পাশাপাশি দলের অভ্যন্তরীণ বৈঠকে হামজা, সামিত সোম, রাকিব হোসেনসহ অন্য ফুটবলারদের নিয়ে যেসব পরিকল্পনা করা হয়েছিল, সেসব তথ্যও বাইরে চলে যাওয়ার সন্দেহ করছেন সংশ্লিষ্টরা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, দলের ভেতর থেকেই কেউ তথ্য সরবরাহ করেছেন কি না, সেই প্রশ্ন উঠেছে। বিভিন্ন মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়াতে গিয়ে কেউ দলের গুরুত্বপূর্ণ আলোচনা প্রকাশ করেছেন কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তবে কারও বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ বা প্রমাণ এখনো সামনে আসেনি।
এ ঘটনায় জাতীয় দলের বিশ্লেষক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পাকিস্তানের শক্তি, দুর্বলতা এবং কৌশলগত পরিবর্তন নিয়ে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাইছেন ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে সেমিফাইনালের আগে পাকিস্তান দলে নতুন করে যুক্ত হওয়া চার ফুটবলারের সামর্থ্য ও খেলার ধরন নিয়ে বাংলাদেশের বিশ্লেষক দল কতটা কাজ করেছে, তা নিয়েও আলোচনা চলছে।
মাঠের বাইরের এসব প্রশ্নের পাশাপাশি বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও অস্বস্তিকর তথ্য সামনে এসেছে। খেলোয়াড় পরিবর্তন এবং কোচের কৌশল নির্ধারণ নিয়ে দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এমনকি ম্যাচ চলাকালে দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রের ভাষ্য।
রক্ষণভাগ সাজানোর ক্ষেত্রেও কোচের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকে খেলানোর পরিকল্পনা ছিল বলে আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। তার পরিবর্তে রহমত মিয়াকে বেছে নেন কোচ। কেন শেষ মুহূর্তে এই পরিবর্তন, তা নিয়ে দলের ভেতরে প্রশ্ন তৈরি হয়েছে।
তপু বর্মনের অসন্তোষের কথাও আলোচনায় এসেছে। ম্যাচের জন্য প্রস্তুত থাকার পরও মাঠের বাইরে বসে দলের পরাজয় দেখতে হয়েছে তাকে। ফুটবলারদের একটি অংশের ধারণা, তপু মাঠে থাকলে হামজাকে আক্রমণভাগে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হতো। তাদের মতে, গোল হজমের সময় হামজাকে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে। ফলে আক্রমণে তার স্বাভাবিক ভূমিকা ব্যাহত হয়েছে।
উইংব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এর আগে তাকে আক্রমণভাগের দায়িত্বে দেখা গেলেও গুরুত্বপূর্ণ সেমিফাইনালে রক্ষণে ব্যবহার করা হয়েছে। খেলোয়াড়দের অবস্থান ও দায়িত্ব বণ্টনে এমন পরিবর্তনের যৌক্তিকতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
সব মিলিয়ে পাকিস্তানের কাছে হার এখন শুধু একটি ম্যাচের ফলাফলে সীমাবদ্ধ নেই। দলের তথ্যের নিরাপত্তা, প্রতিপক্ষ বিশ্লেষণ, খেলোয়াড় নির্বাচন এবং কোচের সিদ্ধান্ত—সবকিছুই পর্যালোচনার দাবি রাখছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ম্যাচেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশের ফুটবলের স্বার্থেই এখন প্রয়োজন আবেগের বাইরে গিয়ে পরাজয়ের কারণগুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখা।



