বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের পরও রেফারিং নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করেননি মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। তবে তার ইঙ্গিতপূর্ণ বক্তব্যে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে।
মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচ শেষে সালাহ বলেন, ‘কী ঘটেছে, তা সবাই দেখেছে। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। যত কম কথা বলব, ততই ভালো। কারণ এসব নিয়ে কথা বলে বড় অঙ্কের জরিমানা দিতে চাই না।’
ম্যাচজুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে শেষ দিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সালাহ ফাউলের শিকার হলেও স্পট কিক না দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও কোনো পর্যালোচনা হয়নি বলে দাবি করেছেন অনেকেই।