২০২৬ সালের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করতে আগামী সপ্তাহে স্পেনে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আগামী ২২ অক্টোবর স্পেনের ওভিয়েদোয় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্পেন সফর শেষে দুই দিনের ব্যবধানে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) মাঠে নামার কথা রয়েছে মেসির। ২৪ অক্টোবর নিউ জার্সির হ্যারিসনে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবে মায়ামি। দীর্ঘ সফর ও ব্যস্ত সূচি নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন ক্লাবটির প্রধান কোচ ক্রিস্তিয়ান কিলি গন্সালেস।
ইএসপিএনকে গন্সালেস বলেন, মেসির পুরস্কার গ্রহণের বিষয়টি পুরো ক্লাব সমর্থন করছে। এই সম্মাননা মেসির পাশাপাশি তার পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। স্পেন থেকে ফিরে মেসিকে পরের ম্যাচে পাওয়ার ব্যাপারেও আশাবাদী মায়ামি কোচ।
সাহিত্য, খেলাধুলা ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার। গত জুনে মেসির নাম ঘোষণা করা হয়। পুরস্কারটির ইতিহাসে ব্যক্তিগতভাবে এই সম্মাননা পাওয়া প্রথম ফুটবলার হতে যাচ্ছেন তিনি।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি জানিয়েছিলেন, এই স্বীকৃতি তার কাছে অত্যন্ত গর্বের। কারণ, এটি শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরের অবদানকেও স্বীকৃতি দেয়।
স্পেন সফরের আগে শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা দলটি প্লে-অফের আগে নিজেদের ছন্দ ধরে রাখতে চায়। মেসি ২৩ গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।




