অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে হাতে মাত্র দুই উইকেট রেখে ইনিংস হার এড়াতে আরও ৫১ রান প্রয়োজন সফরকারীদের।

বাংলাদেশের হয়ে এই মুহূর্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম। তিনি ৮০ বল মোকাবিলা করে ২৯ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে তাসকিন আহমেদ ১০ বলে ৮ রান করে ক্রিজে ছিলেন।

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২১০ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। এই ইনিংসে শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করে নিজের ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশের কোনো পেসারের টেস্টে সেরা বোলিংয়ের কীর্তি গড়েন।

তবে ব্যাটিংয়ে নেমেই আবারও চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৫ রানে দুই উইকেট হারায় দল। মিচেল স্টার্কের বলে সাদমান ইসলাম ও মুমিনুল হক দ্রুত ফিরে যান।তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মধ্যাহ্নভোজের আগে বাংলাদেশ তিন উইকেট হারায়।

বিরতির পর আরও দ্রুত ধস নামে। শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরেন। এরপর হাসান মাহমুদ ও তাইজুল ইসলামও আউট হলে ইনিংস পরাজয়ের আশঙ্কা আরও ঘনীভূত হয়।এখন মুশফিক ও তাসকিনের ব্যাটেই বাংলাদেশের ইনিংস হারের ব্যবধান নির্ধারণের লড়াই চলছে।