মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ দাপট দেখিয়ে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। শুরুতেই মোহাম্মদ রুবেলের বলে কোনো রান না করেই সাইফ উল্লাহ মালিক সাজঘরে ফিরলে চাপে পড়ে সফরকারীরা।

এরপর অধিনায়ক সৈয়দ আজিজ ৫২ বলে ৪০ রান এবং আহমেদ আকীল ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে ইনিংস সামলানোর চেষ্টা করেন। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি মালয়েশিয়া।বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি দুটি উইকেট নেন। মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান পান একটি করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশ। জাওয়াদ আবরার মাত্র ৮ বলে ২৩ রান করে ফিরে গেলেও তাঁর ওপেনিং সঙ্গী জিসান আলম ম্যাচ দ্রুতই বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করা জিসান শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে শামীম হোসেন পাটোয়ারী ৬ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।মাত্র ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে নেয় বাংলাদেশ। ফলে ৭ উইকেট ও ৭৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় এইচপি দল।টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ এইচপি।