২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হতে পারে। 
মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই বর্ষপঞ্জিতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর ৫ মার্চ দিবাগত রাতে পালনের কথা উল্লেখ রয়েছে। বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন পালিত হতে পারে। এর আগের দিন, ১৫ মে, আরাফাতের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। 
এ ছাড়া ৪–৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২–২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। ১৫ জুন আশুরা এবং ১৪–১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালনের কথা রয়েছে। ক্যালেন্ডারে ২৪–২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখও উল্লেখ করা হয়েছে। কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব তারিখ নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখ এক দিন আগে বা পরে হতে পারে। 
অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার, রমজান শুরু হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে এবং রাতে সেহরি খেয়ে পরদিন থেকে রোজা শুরু করবেন মুসলিমরা। তবে ঈদুল ফিতরের তারিখ নিয়ে সম্ভাব্য হিসাবের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। 
কাজাখস্তানের বর্ষপঞ্জিতে ৯ মার্চের কথা বলা হলেও গালফ নিউজ-এর জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে। চাঁদ দেখার পরই চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে। উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হয়েছিল এবং মাসটি ১৯ মার্চ পর্যন্ত স্থায়ী হয়। ওই বছর ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল।