সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির তরুণদের ব্যক্তিগত ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিশির মনির বলেন, দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিতে প্রয়োজন মেধাবী ও যোগ্যতাসম্পন্ন তরুণ সমাজ। নারী-পুরুষ নির্বিশেষে তরুণদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যে কোনো পক্ষের সঙ্গে কাজ করলেও মূল লক্ষ্য হতে হবে দেশের মানুষের কল্যাণ।
রাষ্ট্র পরিচালনায় শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রশাসনিক কাঠামো যতই শক্তিশালী হোক, সমাজে ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে জনগণ আইনের সুফল পাবে না।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মেধা ও যোগ্যতাকে সুপ্ত রাখা যাবে না। তরুণরা মেধা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে এলে বাংলাদেশ নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।