আগামী ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী করতে চান বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ জানান, মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সমর্থন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এদিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমেদও প্রার্থী হওয়ায় এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেন চিফ হুইপ।মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে কে আসবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।