আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (২৯ আগস্ট) এক বাণীতে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রিজভী বলেন, গুম শুধু একজন মানুষকে তার পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়; এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও জীবনের অধিকারের ওপর নির্মম আঘাত।তিনি বলেন, বছরের পর বছর প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা, তার ভাগ্য সম্পর্কে অনিশ্চয়তা এবং সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হওয়ার যন্ত্রণা কোনো পরিবারের জন্যই কাম্য নয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুম রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত দমনের একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ বহু মানুষ এর শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, অনেক পরিবার এখনও জানে না তাদের প্রিয়জন কোথায়, কী অবস্থায় আছেন কিংবা তারা আদৌ ফিরে আসবেন কি না। এই দীর্ঘ প্রতীক্ষা জাতীয় বিবেকের সামনে গভীর দায় তৈরি করেছে।
রিজভী বলেন, প্রতিটি গুমের ঘটনার সত্য উদঘাটন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।একই সঙ্গে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের কোনো সংস্থা নাগরিকের বিরুদ্ধে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী জবাবদিহির আওতায় থাকবে।
রিজভী বলেন, রাজনৈতিক পরিচয় বা মতভিন্নতার কারণে কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা যেন বিপন্ন না হয়। যারা এখনও নিখোঁজ, তাদের প্রত্যেকের ভাগ্য ও অবস্থান সম্পর্কে সত্য প্রকাশ এবং যারা ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতার ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা আর কখনো ফিরে আসবেন না, তাদের পরিবার যেন সত্য, স্বীকৃতি ও বিচার পায়—রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে বলেও জানান তিনি।
গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শনিবার (২৯ আগস্ট) এক বাণীতে তিনি বাংলাদেশের
প্রিয় বাংলাদেশরাজনীতি


