জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মমতাজ উদ্দিন বলেন, সরকার নিজেদের সুবিধাজনক বিষয়গুলো গ্রহণ করলেও গণভোট ও জুলাই সনদ না মেনে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই ব্যাপক গণসংযোগ শুরু করতে হবে। নীলফামারীর চারটি আসনেই ভালো ফলের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা প্রমাণ করতে হবে।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং রোকনরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে নতুন মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।