জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা ও নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থেকে দলের সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সহসভাপতি মীর হোসাইন আখতার। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
সভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, আফজাল হোসেন খান ঝকি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশাসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক ও সমাজ পরিবর্তনের আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও জাসদের নেতা-কর্মীরা দলের আদর্শ ও সাংগঠনিক অবস্থান ধরে রেখেছেন।
বক্তারা হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা এবং তার দণ্ডকে প্রহসনমূলক বলে দাবি করেন। তারা তার নিঃশর্ত মুক্তি চান। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
তাদের বক্তব্যে সাম্প্রদায়িক রাজনীতি, বিচারহীনতা, মব সহিংসতা এবং বিদেশি প্রভাবের বিষয়গুলো উঠে আসে। বক্তারা বলেন, গণতন্ত্র ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার আন্দোলনের অংশ হিসেবেই ইনুর মুক্তির দাবিতে কর্মসূচি জোরদার করতে হবে।