লংমার্চের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেন, লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপিই সবার আগে এ কর্মসূচি পালন করত।
বুধবার সাত দিনের সরকারি সফরের প্রথম দিনে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে তৈরি হওয়া সমস্যার প্রভাব মোকাবিলাকে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
১১-দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন ও সরবরাহব্যবস্থার কারিগরি সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কেন অনেক ক্ষেত্রে প্রত্যাশিত উৎপাদন হচ্ছে না, তা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সরকারি বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও বিদ্যুৎ বণ্টনব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনার তাগিদ দেন।
পায়রা বন্দরের চ্যানেল খনন প্রকল্পের ব্যয় ও ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন নূরুল ইসলাম মনি। তিনি জানান, প্রকল্পটিতে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয় হলেও খননের আগে ও পরে চ্যানেলের গভীরতা ছিল পাঁচ মিটার। প্রকল্পের ব্যয় ও বাস্তবায়িত ফলাফল পর্যালোচনার মাধ্যমে সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের পাশে থাকার আহ্বান জানান চিফ হুইপ। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
নূরুল ইসলাম মনি বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও টেকসই অবকাঠামোগত উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার প্রসার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
মতবিনিময় শেষে বরগুনার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চিফ হুইপ। রঙিন পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন তিনি। ফাইনালে টাইব্রেকারে ডৌয়াতলা ক্লাবকে হারিয়ে পিরোজপুর ক্লাব বিজয়ী হয়। পরে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন তিনি। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোটেক্স ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. রুহুল আমিন শরীফ।