টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সাদপন্থিদের আর ব্যবহার করতে না দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা। বিশ্ব ইজতেমা-২০২৭ শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের কাছে দুটি দাবি উত্থাপন করেছেন তারা।
শনিবার (২৪ অক্টোবর) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড পয়েন্টে দেশের ৬৪ জেলার আলেম ও তাবলিগের শীর্ষ মুরুব্বিদের অংশগ্রহণে জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ব ইজতেমা-২০২৭ আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে সাদপন্থিদের তিন দিন ময়দান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। এ বিষয়ে আলেমদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতেই সভার আয়োজন করা হয়।
সভায় সরকারের কাছে দুটি দাবি জানানোর সিদ্ধান্ত হয়। প্রথমত, ২০২৫ সালের পর থেকে সাদপন্থিদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখতে হবে। দ্বিতীয়ত, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত সহিংসতা ও হতাহতের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল করতে হবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, এ বিষয়ে দেশের বিভিন্ন মাদরাসা, মারকাজ ও দ্বীনি প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে। সরকারের ওপর চাপ সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলাভিত্তিক কর্মসূচি ঘোষণার কথাও বলা হয়।
সভায় হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ছাড়াও মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা শাহ সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক, মুফতি খিজিরুল্লাহ হাটহাজারীসহ ৬৪ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




