গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হতে যাচ্ছে উল্লেখ করে ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ের প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।
মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও চাকরিতে নিয়োগ বাণিজ্যসহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এনসিপির জেলা শাখা এ সভার আয়োজন করে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। তার অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ‘জুলাই সনদ’-এর কথা বলে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে রয়েছে উল্লেখ করে তিনি ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না। সরকারের জাতীয়তাবাদী পরিচয় প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জনগণের স্বার্থ রক্ষায় কাজের মাধ্যমে নিজেদের অবস্থান প্রমাণ করতে হবে। অন্যথায় সরকারের সঙ্গে পর্দার আড়ালে সমঝোতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে সভায় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা সদস্যসচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




