যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকেও ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে জেলা খেলাফত মজলিশ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, কায়েমি স্বার্থবাদীরা তরুণদের জেগে ওঠা নেতৃত্ব মেনে নিতে পারে না। তার ভাষায়, বিএনপিকেও সেই ভূতে ধরেছে, যে ভূত শেখ হাসিনাকে ধরেছিল।
তিনি বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকজন হাসিনায় পরিণত হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকার সমালোচনা করে তিনি আরও বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীন করার কথা থাকলেও বিএনপি তা বাস্তবায়ন করতে দিচ্ছে না বলে তার অভিযোগ।
জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।



