বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম প্রকাশ করা হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের রুকনদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
গতকাল রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের তালিকা ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তালিকায় ঢাকা মহানগর উত্তর শাখার আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ শাখার দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম বুলবুল। এ ছাড়া রংপুর মহানগরে এ টি এম আজম খান, বগুড়া মহানগরে আবদুল মালেক, রাজশাহী মহানগরে ডা. মো. জাহাঙ্গীর, খুলনা মহানগরে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মহানগরে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেট মহানগরে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগরের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আবদুল জব্বার। অন্যদিকে জেলা পর্যায়ে পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি এবং লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার, গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার এমপি, জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়া জেলায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান এবং রাজশাহী জেলায় অধ্যাপক আবদুল খালেক নির্বাচিত হয়েছেন।
খুলনা জেলার দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। পাশাপাশি সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল জেলা, ঝালকাঠি ও পিরোজপুর শাখার আমিরদের নামও ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে ময়মনসিংহে মাওলানা হাফিজুর রহমান, নেত্রকোনায় ছাদেক আহমাদ হারিছ, কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক এবং জামালপুর ও শেরপুরসহ সংশ্লিষ্ট শাখাগুলোতে নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়েছে। ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের আমিরদের নামও তালিকায় রয়েছে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাশাপাশি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদেরও নির্বাচন করা হয়েছে। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের আমিরদের নামও প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
সংগঠনের নতুন এই নেতৃত্ব আগামী ২০২৭-২০২৮ সেশনে সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।



