যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সাফল্যকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার লেনদেন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ট্রাম্পের দাবি, মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। শেয়ারবাজারের এমন পরিস্থিতির জন্য বিরোধী দলকেই দায়ী করেন তিনি।
তবে বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের ব্যাখ্যা ভিন্ন। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারে প্রয়োজনীয় ডেটা সেন্টার নির্মাণ ও বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করেছে। বিশেষ করে নির্বাচনে জয়ী কয়েকজন ডেমোক্র্যাট রাজনীতিক এসব অবকাঠামো সম্প্রসারণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্যাপকভাবে শেয়ার বিক্রি করেন বিনিয়োগকারীরা। প্রযুক্তি খাতনির্ভর নাসডাক সূচকেও উল্লেখযোগ্য পতন ঘটে। শতাংশের হিসাবে ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে এটিই সূচকটির সবচেয়ে বড় দরপতন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যেই আপত্তি রয়েছে। এসব স্থাপনার সম্প্রসারণ নিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধিতা এবং রাজনৈতিক বিতর্কও বাড়ছে।
সূত্র: এএফপি