দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বতন্ত্র পররাষ্ট্রনীতি বাস্তবায়নেও সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি।
বৃহস্পতিবার সকালে দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন নাহিদ ইসলাম। দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি যাচাই এবং স্থানীয় নির্বাচন ঘিরে করণীয় নির্ধারণ ছিল সভার অন্যতম উদ্দেশ্য। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কার্যক্রম নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পারার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এ সময় বিএনপির বিরুদ্ধেও অভিযোগ আনেন এনসিপির আহ্বায়ক। তার ভাষ্য, দলটির দেশজুড়ে দমনমূলক কর্মকাণ্ড রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে।