ষড়যন্ত্রকারী মহলের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শনিবার রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচারের মাধ্যমে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।তিনি বলেন, সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রদল রাজপথে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

বাসিত আরও বলেন, গুজব ও অপপ্রচার কখনোই সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে দেশের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সত্যকে আড়াল করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। যুক্তি, বস্তুনিষ্ঠ তথ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে ছাত্রদল এসব অপপ্রচারের জবাব দেবে।দেশের ছাত্রসমাজকে সব ধরনের গুজবে কান না দিয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।কর্মসূচি শেষে নেতারা গুজব প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবি জানান।