জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, কয়েক দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ঢাকার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ক্ষতিসাধন করে। এ ঘটনা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী এবং মব ভায়োলেন্সের শামিল। তাঁরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।বক্তারা আরও বলেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে সাধারণ মানুষ তা মেনে নেবে না। জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




