রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার সাবেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে সি ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জালাল উদ্দিন (৩২), নাঈম হাসান ডালিম (৩২), মাহমুদুল হাসান মামুন (৩৪) ও আল-আমিন (৩৫)। তাদের সবার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জালাল ভালুকার এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। ডালিম হবিরবাড়ী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মামুন ওই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আল-আমিন ছিলেন একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় মিছিল পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। তবে এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডালিমের বিরুদ্ধে ছয়টি এবং মামুনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এসব মামলায় বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারা রয়েছে।