ভবিষ্যতে পানি বাংলাদেশসহ গোটা বিশ্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাই দেশের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে পানির গুরুত্ব বিবেচনায় রাখতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজের দপ্তরে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, পানি মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নের সঙ্গেও পানির সম্পর্ক গভীর। বিশেষ করে বস্ত্র ও পোশাকশিল্পে বিপুল পরিমাণ পানি ব্যবহারের পাশাপাশি শিল্পবর্জ্যে অনেক নদী ও খালের পানি দূষিত হচ্ছে। উপকূলীয় এলাকাতেও পানিসংক্রান্ত নানা সমস্যা রয়েছে।
তিনি বলেন, উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে, তবে সেই উন্নয়ন যেন মানুষের জীবন ও পরিবেশের ক্ষতি না করে, সেদিকে সতর্ক থাকতে হবে। নিরাপদ পানি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
পানি ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সুইডেনসহ বিভিন্ন দেশ কয়েক দশক আগে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের নেতিবাচক দিক উপলব্ধি করেছিল। তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
বৈঠকে জানানো হয়, ইউনিসেফের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প চলমান রয়েছে।
বৈঠকে ইউনিসেফ বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ অ্যাড ইন্টেরিম গিলিয়ান মেলসপ, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ (প্রোগ্রাম) এমানুয়েল আব্রিউসহ ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।