ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে চিহ্নিত ৪৮টি অশুল্ক বাধা বা নন-ট্যারিফ ব্যারিয়ার সমাধান করা হয়েছে। আরও ১৩টি বাধা সমাধানের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিদলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে অশুল্ক বাধা নিয়ে ইইউর পক্ষ থেকে আগে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছিল, সেগুলোর মধ্যে ৪৮টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে। আরও ১৩টি বিষয়ে সমাধানের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে দেওয়ার যে আবেদন করা হয়েছে, সেটিতে আনুষ্ঠানিকভাবে ইইউর সমর্থন চাওয়া হয়েছে।বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকারের প্রস্তাবকে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করবে। ভোটের মাধ্যমে হোক কিংবা ভোট ছাড়া—যেভাবেই হোক, প্রস্তাবটি অনুমোদিত হবে বলে বাংলাদেশ আশাবাদী বলেও জানান তিনি।তিনি বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে চলতি মাসে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এ কারণে বাংলাদেশের আবেদনের পক্ষে ইইউর সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সইয়ের লক্ষ্যে আলোচনার উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।তিনি বলেন, ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।