সংসদ পরিচালনা, আইন প্রণয়ন ও সংসদীয় জবাবদিহি ব্যবস্থায় নতুন অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে চিফ হুইপের যুক্তরাজ্য সফর। সফরে ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কমিটির সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন তিনি।
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সফরে ওয়েস্টমিনস্টারে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন চিফ হুইপ। এসব কর্মসূচিতে সংসদ পরিচালনা, আইন প্রণয়নের ধাপ, সংসদীয় কমিটির দায়িত্ব, সংসদ সদস্যদের ভূমিকা এবং জবাবদিহি নিশ্চিত করার পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক চিত্র নিয়েও আলোচনা হয়। বিশেষ করে এককক্ষ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব এবং আইনের খসড়া যাচাই-বাছাইয়ের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তিনি।
এ ছাড়া হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা, সংসদ সদস্যদের অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিচালনার নিয়ম নিয়ে আলোচনা করেন চিফ হুইপ। সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব, পয়েন্ট অব অর্ডার ও সংসদীয় বিশেষাধিকার নিয়েও মতবিনিময় হয়।
হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডসের সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদ সদস্যদের আচরণবিধি, নৈতিকতা, বিশেষাধিকার এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তিনি। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ডের ওপর সংসদীয় নজরদারি, তথ্য-প্রমাণ সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কেও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানিও পর্যবেক্ষণ করেন চিফ হুইপ। এ সময় দেশটির বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সংসদ সদস্যদের জন্য গবেষণা ও প্রশাসনিক সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া। এ লক্ষ্যে হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করেন প্রতিনিধিদল। সেখানে সংসদ সদস্য ও কর্মকর্তাদের তথ্য সরবরাহ, গবেষণা সহায়তা, প্রশিক্ষণ এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত হন তারা।
এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন চিফ হুইপ। এতে বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান সহযোগিতা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দুই পক্ষের মধ্যে সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।




