বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা (ভাইভা) নিতে আর কোনো আইনি বাধা নেই। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করে দেওয়ায় এ বাধা আর রইলো না।
মঙ্গলবার (৬ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। তার আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আবেদনের শুনানি হয় আদালতে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ মার্চ সংশোধনীর মাধ্যমে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়। পরবর্তীতে ওই সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিপক্ষে রাষ্ট্রের পক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএর পক্ষে আপিল করা হয়। মঙ্গলবার সেই আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত ঘোষণা করা হয়।
ফলে ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের প্রধান শিক্ষক পদে আবেদন করার সুযোগ দিয়ে চালু করা নতুন বিধি কার্যকর থাকবে। ইতিপূর্বে প্রধান শিক্ষক পদে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তারা আগামী ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন।
চেম্বার আদালতের এ আদেশের ফলে মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষক পদে দীর্ঘদিনের শূন্যতা এবং নিয়োগপ্রক্রিয়ায় সৃষ্ট বিলম্ব নিরসনের পথ সুগম হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি রিট আবেদনকারী ৪৬ জনের জন্য ৪৬টি পদ সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন। ফলে ওই ৪৬টি পদ বাদে অবশিষ্ট শূন্য পদগুলোতে নিয়োগপ্রক্রিয়া সরকার সম্পন্ন করতে পারবে।
প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে বাধা নেই
বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা (ভাইভা) নিতে আর কোনো আইনি বাধা নেই।
প্রিয় বাংলাদেশজাতীয়


