প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইলিশ জাতীয় সম্পদ ও জিআই পণ্য। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ। এ সময়ে নদীতে ইলিশ শিকার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, মাদারীপুর ইলিশের গুরুত্বপূর্ণ অঞ্চল। মাত্র ২২ দিনের এই কষ্টকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখতে হবে। নিষেধাজ্ঞা সফল হলে ইলিশের উৎপাদন বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলেদের আয়ও বাড়বে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ভিজিএফের চাল দিচ্ছে। ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সবার। সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারলে এর সুফল জেলেরাই সবচেয়ে বেশি পাবেন। পরে ১৫১ জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।