চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুটি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমি উদ্ধার করে এলাকাটি সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি এবং ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে। পাশাপাশি অবৈধ অধিবাসীদের পুনর্বাসন ও সরকারি জমিতে সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজারের রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ার পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায় ঠেকাতে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট, সিসিটিভি ও ওয়াচ টাওয়ার স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে মাদক, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান জোরদার করা হবে। এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ এসআই পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তের আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা ও জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।