যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৮১ থেকে ৮৬ বাফা কোর্সের কর্মকর্তাদের মধ্যে ‘ওসমানী স্বর্ণপদক’ ও সনদপত্র প্রদান করা হয়েছে। বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের বৃহস্পতিবার এ পদক ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী কর্মকর্তাদের হাতে পদক ও সনদ তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষতা একজন কর্মকর্তার পেশাগত জীবনের শক্তিশালী ভিত্তি তৈরি করে। অর্জিত জ্ঞান সময়ের সঙ্গে প্রজ্ঞায় রূপ নেয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তিনি তরুণ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে অর্জিত জ্ঞান কর্মজীবনে প্রয়োগের আহ্বান জানান।
তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর অবদানের কথা তুলে ধরে এসব দায়িত্ব পালনে উচ্চমানের প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়নের ওপরও জোর দেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এএইউবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্টসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।