বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্তে প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে।বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। এর ফলে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সায় দাঁড়িয়েছে। নতুন মূল্য বুধবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

কমিশন জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে। গণশুনানি ও অন্যান্য তথ্য বিশ্লেষণের পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছিল। গত ৩০ জুন প্রতি লিটারের মূল্য ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরবর্তী সময়ে আরও কমে দাম দাঁড়ায় ৯৬ টাকা ৮৬ পয়সায়।

এবার একবারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসিকে দেওয়া হয়।এরপর থেকে কমিশন আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে নিয়মিতভাবে ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা করে আসছে।