রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। সংস্থাটির মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এ আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে রূপপুর প্রকল্পের অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।
রোসাটমের মহাপরিচালক আরও জানান, আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে। রোসাটমের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের সম্প্রসারণ এবং বাংলাদেশ-রাশিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।