প্রাণিসম্পদ খাতের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের হালাল মাংস, দুগ্ধজাত সামগ্রী, পোলট্রি ও চামড়াজাত পণ্যের বিদেশে বাজার তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগিয়ে প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বাণিজ্যিক শিল্পে পরিণত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।
আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ, মাংস ও ডিমের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি এ খাত দারিদ্র্য হ্রাস, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখছে।
তিনি বলেন, উন্নত প্রযুক্তি ও জাতের পশু-পাখির ব্যবহার, রোগ প্রতিরোধ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং খামার ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রয়োগ করা গেলে উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব। এ জন্য গবেষণা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ ইতোমধ্যে বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনে সক্ষম উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি প্রাণিসম্পদ পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক মান বজায় রেখে হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রচলিত পণ্যের বাইরে নতুন নতুন প্রাণিজ পণ্য বিদেশে বাজারজাত করার সম্ভাবনাও কাজে লাগানোর কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে এখন আর শুধু গ্রামীণ পর্যায়ে পশুপালনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। এটি ক্রমেই বাণিজ্যিক উৎপাদন, পুষ্টি নিরাপত্তা ও রপ্তানির সম্ভাবনাময় শিল্পে পরিণত হচ্ছে। যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এ খাতে দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব হবে।
এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে আয়োজনটির সার্বিক সফলতা কামনা করেছেন তিনি।




