র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন কাঠামোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তি ও আলোচনা-সমালোচনার মধ্যেই শেষ পর্যন্ত বিলটি অনুমোদন পায়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে এটি অনুমোদন না করার আহ্বান জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে বিরোধী দলের আপত্তি উপেক্ষা করেই কণ্ঠভোটে বিলটি পাস করা হয়।

সংশ্লিষ্টদের মতে, নতুন আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি নতুন ও কার্যকর কাঠামো তৈরি হবে।