জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ খাতে রপ্তানি বাড়াতে নীতিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক বাজারের চাহিদা কাজে লাগাতে সরকার এ দুই খাতকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী পাঁচ থেকে সাত বছরে বিশ্বজুড়ে কয়েক হাজার পুরোনো জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের আওতায় আসবে। এ সম্ভাবনা কাজে লাগাতে দেশে পরিবেশসম্মত গ্রিন শিপইয়ার্ডের সংখ্যা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে এ খাত থেকে বছরে কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, জাহাজ রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি নকশা তৈরির সক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্যে নরওয়ে ও নেদারল্যান্ডসের অংশীদারদের সঙ্গে আধুনিক ডিজাইন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চলছে।
বেসরকারি শিপইয়ার্ডগুলোর রপ্তানি আদেশ বাস্তবায়নে ব্যাংক গ্যারান্টিকে বড় বাধা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে নৌবাহিনীর ডকইয়ার্ড ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘হাইব্রিড মডেল’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নৌপরিবহন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করবে।
সভায় চট্টগ্রাম ড্রাইডকের কর্মকর্তারা বড় জাহাজ নির্মাণের সক্ষমতা বাড়াতে আধুনিক ক্রেন, ফ্যাব্রিকেশন শপ, নকশা প্রণয়নের সুবিধা ও অতিরিক্ত নির্মাণ ডক স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।


চট্টগ্রাম ড্রাইডকে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির