সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে সরকার। একই ঘটনায় আহত আরও চার বাংলাদেশি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যয় সরকার বহন করবে। আহত বাংলাদেশিদের চিকিৎসার বিষয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে এ হামলায় বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা কিংবা বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা বন্ধের পাশাপাশি বেসামরিক মানুষ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। চলমান আঞ্চলিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে শত্রুতা বন্ধ এবং সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি ঢাকার সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।




