বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও আলোকিত সমাজ গঠনে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬’ (কারিগরি) পদক পেয়েছেন প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ।
গত ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী বিবি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ দীর্ঘ ৩৪ বছর ধরে বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও ব্যবহারিক পাঠদানে উদ্ভাবনী কৌশল প্রয়োগের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রেখে আসছেন।
এছাড়া ধারাবাহিকভাবে চার বছর বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) এবং ২০২৬ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান (কারিগরি) হওয়ার সম্মান অর্জন করেন তিনি।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সন্তোষ চন্দ্র দেবনাথ বলেন, এ স্বীকৃতি তাকে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও অংশগ্রহণ বাড়াতে আরও নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা দেবে। অর্জনটি তিনি শিক্ষার্থী, পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেন।