খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশ তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে দর্শক, আয়োজক ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারেও ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।