ঢাকা, ৮ অক্টোবর: ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আগামী ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ‘মিডিয়া রান ২০২৬’। বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ আয়োজনে থাকছে ৭.৫ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দুই ক্যাটাগরিতে নিবন্ধন করা যাবে। ২৮ নভেম্বর শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে রান শুরু হবে। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক ও বিদেশি অপেশাদার রানাররা এতে অংশ নেবেন। থাকবেন ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও প্রফেশনাল পেসাররা।
আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে এনবিএ, টেকনিক্যাল পার্টনার ইউসিআর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, ফটোগ্রাফি পার্টনার আপসাইড বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো ও ক্রিয়েটিভ পার্টনার সিআরডি নিউজ যুক্ত হয়েছে। কো-স্পন্সর হিসেবে রয়েছে মেভ অটোমোবাইলস ও আজম ওভারসীজ।
অংশগ্রহণকারীদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দেশি-বিদেশি বিমান টিকিট দেওয়ার ব্যবস্থা থাকছে। রান শেষে অংশগ্রহণকারীদের জন্য মেডেল নিয়ে বিশেষ ফটো কনটেস্টেরও আয়োজন করা হবে।
বি ওয়াই কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাবলী ইয়াসমীন বলেন, ‘মিডিয়া রান শুধু দৌড়ের আয়োজন নয়, এটিকে স্বাস্থ্য, ফিটনেস ও নির্মল বায়ুর বার্তা নিয়ে একটি উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করা হবে।’