শিক্ষকতা কিংবা অন্য পেশায় কর্মরত ব্যক্তিদের সাংবাদিকতার পরিচয় ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেছেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশায় যুক্ত থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহার পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন।
বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু পরিচয়পত্র বহন করা নয়। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এ পেশায় যুক্ত ব্যক্তিদের আচরণবিধি ও নীতিমালা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিকতার পরিচয় ব্যবহার করার অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। এতে সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায় বা প্রভাব বিস্তার করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় বক্তব্য দেন। বক্তারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।