মর্গে মৃত নারীদের সঙ্গে যৌন বিকৃতির অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে ক্র্যাব এ উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনলাইন নিউজ প্ল্যাটফর্ম আলাপে ‘ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্ল্যাটফর্মটির বিশেষ প্রতিনিধি দিপু সিকদার প্রতিবেদনে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের সঙ্গে যৌন বিকৃতির অভিযোগ তুলে ধরেন।
প্রতিবেদন তৈরির সময় মর্গটির সাবেক ইনচার্জ যতন লাল এবং সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি পাওয়া মর্গ সহকারী নূরে আলম শান্তর বক্তব্য নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর নূরে আলম শান্ত ফোন করে সাংবাদিক দিপু সিকদারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ইতোমধ্যে রাজধানীর মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
ক্র্যাবের বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিকের হুমকি, ভয়ভীতি কিংবা হয়রানির শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
সংগঠনটি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছে।