জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নতুন বোর্ডে পদাধিকারবলে পরিচালক হিসেবে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) এবং অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের প্রতিনিধিরা। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
বোর্ডের অন্য সদস্যরা হলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএস ক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের চিফ রিপোর্টার (বাংলা) দিদারুল আলম।