জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি পেয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি। বিশ্বব্যাংকের অর্থায়ন ও দেশের গ্যাস আমদানিনির্ভরতা নিয়ে করা একটি প্রতিবেদনের জন্য তাকে মিডিয়া ফেলোশিপের জন্য নির্বাচিত করেছে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।
গত সেপ্টেম্বরে প্রকাশিত তার প্রতিবেদনে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নের প্রভাব বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও আমদানিনির্ভরতার বিষয়গুলোও উঠে আসে।
নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে কাজ করা ক্লিন জ্বালানি খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতাকে উৎসাহিত করতে এ ফেলোশিপ দিয়ে থাকে।
চাঁদপুরের ফরিদগঞ্জে জন্ম নেওয়া মহিউদ্দিন রাব্বানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাজীবনেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন তিনি। বর্তমানে ঢাকা মেইলে দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে প্রতিবেদন তৈরি করছেন।
এর আগে দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা এবং দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।