বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা আবদুল জব্বার হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ঘটনার রহস্য উদ্ঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পশ্চিম পাশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে মামলার বাদী আবদুল জব্বার মেরুদণ্ডের নিচে ও কোমরের ওপরের অংশে আহত হন। পরে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।
এর আগে মঙ্গলবার স্বর্ণ ও হীরা কেনার উৎস এবং অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় করা মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তিন দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। দিলীপ কুমার আগরওয়ালা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরে বিভিন্ন হত্যা ও অর্থপাচারের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।