মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় মোশারফ হোসেন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ শহরের নতুনপাড়ার নুরনেছার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী নিজ বাড়িতে কাজ করছিল। এ সময় মোশারফ বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ছাত্রীর মা আনোয়ারা খাতুন সদর থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর পারভীন সুলতানা ও মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।




