রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেক রহমান। আদালতে শাহরিয়ারের বয়স ও শারীরিক অসুস্থতার বিষয় উল্লেখ করে তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ১ অক্টোবর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৭ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।
নিউগিনি প্রপার্টিজের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদির ইসিবি চত্বরে প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন হামলাকারী ঢুকে গুলি ছোড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এতে সাইট প্রকৌশলী মো. পারভেজসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম লুট করে এবং গাড়ি ভাঙচুর করে।
অভিযোগ অনুযায়ী, ওই প্রকল্প এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ নামের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।