জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
সকাল ১০টা ৫৫ মিনিটে আদালতে পৌঁছান আইভী। পরে পুলিশি পাহারায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও সমর্থক উপস্থিত ছিলেন। আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। এ সময় আইভী বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’
শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলাটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি এবং মামলায় আইভীর সংশ্লিষ্টতার প্রমাণও মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নোটিশ দেওয়ার পরও মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি বলেও জানান তিনি।
আইনজীবী বলেন, পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় সেটি গ্রহণের পাশাপাশি আইভীর পুনরায় জামিনের আবেদন করা হয়। তবে জামিনের বিরোধিতা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন। তিনি এ আদেশের বিরুদ্ধে নারাজি পিটিশন দেওয়ার কথা জানান। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে আইনি বিতর্ক হয়। শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।