পর্দার জুটি থেকে জীবনসঙ্গী—রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের উষ্ণতা আবারও প্রকাশ করলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী হিসেবে রাশমিকার নাম উল্লেখ করে বিজয় জানিয়েছেন, তার সঙ্গে অভিনয় করার সময় ঘরের মতো স্বাচ্ছন্দ্য পান তিনি। অভিনেত্রী হিসেবে রাশমিকার উন্নতিও তাঁকে আনন্দিত করে।
শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পাওয়ার কথা রয়েছে বিজয় ও রাশমিকা অভিনীত ‘রণবলী’। পাঁচ ভাষায় নির্মিত ছবিটি তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে আসবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর সিনেমায় এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা।
মুক্তির আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ছবিতে রাশমিকার অভিনয় নিয়ে কথা বলেন বিজয়। জয়াম্মা চরিত্রে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না বলেও জানান অভিনেতা। তার ভাষ্য, চরিত্রটির জন্য রাশমিকাই ছিলেন সঠিক পছন্দ এবং তিনি এতে দারুণ অভিনয় করেছেন।
রাশমিকার কাজের প্রতি একাগ্রতা ও অগ্রগতির প্রশংসা করে বিজয় বলেন, একসঙ্গে করা আগের সিনেমাগুলোর পর নতুন এই ছবিতে রাশমিকাকে আরও পরিণত মনে হয়েছে। তাঁর মধ্যে থাকা জেদ ও কাজের সক্ষমতার কথাও উল্লেখ করেন তিনি। রাশমিকার এই পরিবর্তন দেখে নিজের গর্বের কথা জানান অভিনেতা।
বিজয়ের কথায়, রাশমিকা তার সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিজের বাড়িতে থাকার মতোই স্বস্তিদায়ক।
‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর ‘রণবলী’ বিজয়-রাশমিকা জুটির তৃতীয় সিনেমা। বাস্তব জীবনে দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাঁদের নতুন পর্দার উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।




