বাক্‌স্বাধীনতা, মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে প্রতিবাদের সুর নিয়ে নতুন গান প্রকাশ করছে ব্যান্ড অ্যাবাউট ডার্ক। ‘নিরাকার’ শিরোনামের গানটি আজ ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গানটিতে মানুষের কণ্ঠরোধ, চিন্তার স্বাধীনতা সংকুচিত করা এবং নিজস্ব পরিচয় হারিয়ে ফেলার মতো বিষয় তুলে ধরা হয়েছে। ব্যান্ডটির ভাবনায়, ‘নিরাকার’ শুধু হতাশা কিংবা ব্যর্থতার প্রতীক নয়; বরং নিজের অস্তিত্ব, মতপ্রকাশের অধিকার ও স্বাধীনতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষারও প্রকাশ।
ভয় ও সামাজিক চাপের কারণে মানুষ যখন সত্য বলতে পিছিয়ে যায়, তখন তার নীরবতা ও পরিচয়ের সংকট আরও গভীর হয়। এই বাস্তবতা নিয়ে শ্রোতাদের ভাবতে উৎসাহিত করাই গানটির অন্যতম উদ্দেশ্য।
২০১৬ সালে যাত্রা শুরু করে অ্যাবাউট ডার্ক। এর আগে ‘কোন মোহে’ (২০১৮), ‘তুমি’ ও ‘কালো মানুষ’ (২০১৯) এবং ‘লাইন’ (২০২৫) শিরোনামে গান প্রকাশ করেছে ব্যান্ডটি। ২০২১ সালে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সদস্যপদ পায় তারা।
ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন ভোকাল মুন, গিটারিস্ট নাসির উল্লাহ ছুট্টি ও আরফান আহমেদ পূর্ণ, বেইজিস্ট আদনান আহমেদ ফিরোজ এবং ড্রামার জাকির। আপাতত পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের পরিকল্পনা নেই তাদের। বরং বিভিন্ন মঞ্চে গান পরিবেশন এবং নিয়মিত স্টেজ শোর মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছাতে চান সদস্যরা।