শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অফহোয়াইট শাড়ি, চুলে বেলি ফুলের গাজরা আর মিষ্টি হাসিতে তাঁর নতুন ভিডিওটি নজর কেড়েছে অনুরাগীদের।শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন জয়া। উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।
’ভিডিওতে অভিনেত্রীকে দেখা গেছে গোলাপি নকশার পাড়যুক্ত অফহোয়াইট শাড়িতে। সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল ও হাতের অলংকার তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। চুলে বেলি ফুলের গাজরা ঐতিহ্যবাহী সাজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভিডিওর বিভিন্ন দৃশ্যে কখনো শাড়ির আঁচল সামলাতে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় তাঁকে। আবার চুলের ফুল ঠিক করা কিংবা হাতে গাজরা নিয়ে পোজ দেওয়ার মুহূর্তও রয়েছে। ভিডিওটির দৃশ্য ভারতের কলকাতায় ধারণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
পেছনে ব্যবহার করা হয়েছে পুরোনো দিনের বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুর ও অভিনেত্রীর সাবলীল অভিব্যক্তি মিলিয়ে ভিডিওতে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ। প্রকাশের পর তাঁর সাজ ও উপস্থিতি নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি পোশাক ও ফ্যাশনের বৈচিত্র্যের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। কখনো আধুনিক, আবার কখনো বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন সাজে হাজির হন তিনি। এবার দুর্গাপূজার আবহে তাঁর এই বাঙালি সাজও ভক্তদের নজর কেড়েছে।